শাহবাগে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল।
শনিবার (৫ জুলাই) বিকেলে শাহবাগ মোড়ে এই প্রতীকী কর্মসূচিতে অংশ নেন শতাধিক নেতা-কর্মী। ‘শহীদদের কফিন’ বহন করে মিছিলকারীরা এক পর্যায়ে সমাবেশ করেন, যেখানে সরাসরি সমালোচনার মুখে পড়েন আইন উপদেষ্টা।
রিপাবলিক পার্টির সভাপতি মেজর (অব.) মেহেদী হাসান বলেন, “আমরা যে রক্তের বিনিময়ে এই সরকার গঠনের পথ তৈরি করেছি, সেই শহীদদের জন্য আজ কেউ দাঁড়াচ্ছে না। শহীদদের কণ্ঠস্বর হয়ে ওঠা একজন ব্যক্তিও আজ উপদেষ্টা হয়ে নিরব!”
তিনি আরও বলেন, “আইন উপদেষ্টা এখন শুধু পদধারী একজন নীরব দর্শক। আমরা যে আসিফ নজরুলকে চিনি—তিনি হারিয়ে গেছেন।”
সমাবেশে রিপাবলিক পার্টির সাধারণ সম্পাদক মেজর (অব.) রাজিব বলেন, “আজকের এই প্রতীকী কফিন শুধু একজন উপদেষ্টার নয়, এটি মৃতপ্রায় ন্যায়ের প্রতিচ্ছবি। খুনিরা ধরাছোঁয়ার বাইরে, বিচার নেই—এটাই কি স্বপ্নের বাংলাদেশ?”
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন, বিচারহীনতা চলতে থাকলে তারা ‘বৃহত্তর প্রতিরোধ কর্মসূচি’র দিকে যাবে। তাদের মতে, নতুন সরকারের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা ও বিশ্বাস অনেক বেশি, সেটি পূরণে ব্যর্থতা ইতিহাস মাফ করবে না।

মতামত দিন