মারা গেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা।
বর্তমানে মরদেহটি ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তাঁর কন্যা যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসার পর জানাজার সময়সূচি জানানো হবে।
শামসুল হুদার কর্মজীবন ছিল দীর্ঘ ও বর্ণাঢ্য। ১৯৪৩ সালের ১০ জুলাই তাঁর জন্ম। ১৯৫৮ ও ১৯৬০ সালে যথাক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
১৯৬৬ সালে তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। বাংলাদেশের স্বাধীনতার পর নবগঠিত প্রশাসনে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বাগেরহাটের মহকুমা প্রশাসক, বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সরকারি চাকরি থেকে অবসর নেন ২০০০ সালে।
পরবর্তী সময়ে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁর নেতৃত্বাধীন নির্বাচন কমিশনই প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করে এবং স্বচ্ছ ব্যালট বাক্স চালু করে। ২০০৮ সালের জাতীয় নির্বাচন এই কমিশনের অধীনেই অনুষ্ঠিত হয়।
এই কমিশনের অপর দুই সদস্য ছিলেন মুহাম্মদ ছহুল হোসাইন এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
মতামত দিন