বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ৩ মাস পর ফেরত।
ওয়াসিম আকরাম ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের বাসিন্দা। নিহতের পরিবার ও স্বজনরা মরদেহ ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন।
বিজিবি জানায়, চলতি বছরের ১১ এপ্রিল সীমান্ত সংলগ্ন ইছামতী নদীর ভারতীয় অংশে একটি গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখা যায়। নিহতের পিতা রমজান আলী তা শনাক্ত করে তার ছেলে ওয়াসিম আকরাম হিসেবে দাবি করেন। পরে মরদেহটি বিএসএফ ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে।
এ ঘটনার পর ওয়াসিমের পরিবার মরদেহ ফেরত পেতে বিজিবির কাছে আবেদন করে। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, ভারতীয় বাহিনীর সঙ্গে দীর্ঘদিন যোগাযোগের পর মরদেহ ফেরত আনার প্রক্রিয়া সফল হয়।
শনিবার দুপুরে সীমান্ত পিলার ৬০-এর নিকট মরদেহ হস্তান্তরের সময় উভয় দেশের সীমান্ত ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওয়াসিমের পিতা রমজান আলী ও বড় ভাই মেহেদী হাসান মরদেহ গ্রহণ করেন।
পরে বিকেলে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বাঘাডাঙ্গা গ্রামে ওয়াসিমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল বিএসএফের গুলিতে ওয়াসিম আকরাম নিহত হন বলে অভিযোগ ওঠে। এরপর থেকে তার মরদেহ ভারতে পড়ে ছিল।
মতামত দিন