জাতীয়
ছবি: সংগৃহীত

৪৪তম বিসিএসের ফল পুনর্মূল্যায়নের দাবিতে শাহবাগে সড়ক অবরোধ।

নিজস্ব প্রতিবেদক:

৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন একদল চাকরিপ্রার্থী।শুক্রবার (৪ জুলাই) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
তাদের দাবি—চূড়ান্ত ফল পুনর্বিবেচনা করে নতুন তালিকা প্রকাশ করতে হবে।

বিক্ষোভের কারণে শাহবাগ ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে যান চলাচলে তীব্র বিঘ্ন দেখা দেয়। যানজটে আটকে পড়েন অসংখ্য সাধারণ মানুষ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদকারীদের অভিযোগ, অন্যান্য বিসিএস পরীক্ষার মতো এবারও অতিরিক্ত পদ অন্তর্ভুক্তির সম্ভাবনা থাকলেও তা উপেক্ষা করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়তি শূন্যপদ সুপারিশ করা হলেও প্রধান উপদেষ্টার কার্যালয়ে তা অনুমোদন আটকে আছে বলে দাবি তাদের।

এক চাকরিপ্রার্থী বলেন, ‘প্রায় ৬০ শতাংশ পদ এমনভাবে সুপারিশ করা হয়েছে যেন সেগুলো খালি ছিল, অথচ প্রকৃতপক্ষে তা নয়। এসব অসঙ্গতি দূর করে ফল পুনরায় প্রকাশ না করলে আমরা আন্দোলন চালিয়ে যাব।’

বিক্ষোভকারীরা নতুন করে ফল প্রকাশসহ অবিলম্বে বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন।

মতামত দিন