জাতীয়
ছবি: সংগৃহীত

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১০।

নিজস্ব প্রতিবেদক:

পাবনার সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
শুক্রবার (৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর  গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮) এবং সাঁথিয়ার আতাইকুলা কালী দরপাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে মনসুর আলী (৪০)। নিহত অপরজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা  একটি যাত্রীবাহী বাস পাবনার দিকে যাচ্ছিল। পথে পূর্ব বনগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন যাত্রী প্রাণ হারান। আহতদের  মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠান। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনায় মহাসড়কে সাময়িক যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন এবং নিহতদের পরিবারকে সহায়তা প্রদান আশ্বাস দিয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে হাইওয়ে পুলিশ।

মতামত দিন