জাতীয়
ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২,আহত অন্তত ১৫।

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে দুইজন নিহত এবং অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ মো. আরিফুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে পড়ে যায়। এতে বাসটি mউল্টে গিয়ে যাত্রীরা আটকে পড়েন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতায় অংশ নেন।

আরিফুল আমিন আরও জানান, উদ্ধার অভিযানে ছয়জনকে জীবিত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকেই দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়া অথবা ব্রেকফেল করার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনাস্থলে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

উল্লেখ্য, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের এই অংশে পাহাড়ি মোড় ও খাড়া ঢাল থাকার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মতামত দিন