জাতীয়
ছবি: সংগৃহীত

চতুর্থ দিনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৯৩।

নিজস্ব প্রতিবেদক:

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার চতুর্থ দিনে দেশজুড়ে ২৫ হাজার ৬৪৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই দিনে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হয়েছেন ৯৩ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পাঠানো তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

এইচএসসির অধীন ৯টি সাধারণ বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় মোট ৯ লাখ ৯২ হাজার ১০১ জন শিক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও হাজির হননি ১৮ হাজার ৯১৪ জন। ১ হাজার ৬০০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় নকলের দায়ে ৭৩ জন বহিষ্কৃত হয়েছেন। বোর্ডভিত্তিক বহিষ্কারের সংখ্যা হলো— ঢাকা ১১, রাজশাহী ৪, কুমিল্লা ১৪, যশোর ৫, চট্টগ্রাম ১০, সিলেট ২, বরিশাল ৯, দিনাজপুর ৫ এবং ময়মনসিংহে ১৩ জন।

আলিম পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রে ৭৯ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৭০০ জন অনুপস্থিত ছিলেন। এ পরীক্ষায় নকলের অভিযোগে বহিষ্কার হন ৬ জন।

অপরদিকে কারিগরি বোর্ডের অধীনে বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে ৯৯ হাজার ৩৬৬ পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৩১ জন পরীক্ষায় অংশ নেননি। বহিষ্কার করা হয় ১৪ জনকে।

শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

মতামত দিন