চাল ও গমের মজুদ বাড়ল নতুন অর্থবছরের শুরুতেই।
বৃহস্পতিবার (৩ জুলাই) প্রধান উপদেষ্টার দপ্তরের প্রেস উইং থেকে প্রকাশিত তথ্যে এসব তথ্য জানানো হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রেস উইং জানায়, গত অর্থবছরের (২০২৪-২৫) ১ জুলাই দেশে মোট খাদ্যশস্য মজুত ছিল ১৪ লাখ ৭৩ হাজার মেট্রিক টন।এর মধ্যে ১০ লাখ ৬০ হাজার মেট্রিক টন ছিল চাল এবং ৪ লাখ ১৩ হাজার মেট্রিক টন গম।
নতুন অর্থবছরের শুরুতে চালের মজুদ উল্লেখযোগ্য হারে বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৪১ হাজার টনে। তবে গমের ক্ষেত্রে উল্টো প্রবণতা দেখা গেছে—বিতরণ হার সংগ্রহের চেয়ে বেশি হওয়ায় গমের মজুদ কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার মেট্রিক টনে।
সরকারি হিসাবে এই বাড়তি চাল মজুদের পেছনে অভ্যন্তরীণ সংগ্রহ কার্যক্রম জোরদার এবং আমদানি কার্যক্রম সচল থাকার দিকটি অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। খাদ্য বিভাগ জানিয়েছে, নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত রাখতে মজুদ পরিস্থিতির প্রতি কড়া নজর রাখা হচ্ছে।

মতামত দিন