জাতীয়
ছবি: সংগৃহীত

কারা বিভাগে নজিরবিহীন রদবদল,একযোগে ৩৩ জেলারকে বদলি।

নিজস্ব প্রতিবেদক:

দেশের কারা ব্যবস্থাপনায় নজিরবিহীন এক রদবদল ঘটিয়েছে সরকার।প্রথমবারের মতো একসঙ্গে ৩৩ জন ডেপুটি জেলারকে বদলি করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, একযোগে এত বড় পরিসরে বদলির ঘটনা এর আগে ঘটেছে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বুধবার (২ জুলাই) অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. মোস্তফা কামালের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত বদলির নির্দেশনা তাৎক্ষণিকভাবে  কার্যকর হবে।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন কাশিমপুর, কেরানীগঞ্জ, কক্সবাজার, রাজশাহী, যশোর, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, বরিশাল, সিলেট, নীলফামারী, মাগুরা, ঝালকাঠি, মৌলভীবাজার, গাইবান্ধা, নাটোর, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা ও কেন্দ্রীয় কারাগারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তারা।

বদলি আদেশে একদিকে যেমন কেন্দ্রীয় কারাগার থেকে জেলা কারাগারে পদায়ন করা হয়েছে, তেমনি জেলা থেকে আবার কেন্দ্রীয় কারাগারেও রদবদল হয়েছে। কোনো কোনো কর্মকর্তাকে প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে, আবার কিছু প্রেষণ প্রত্যাহারও করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি কারা অধিদপ্তরের অভ্যন্তরে শৃঙ্খলা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা জোরদারে ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, সেই সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবেই এত সংখ্যক কর্মকর্তাকে একযোগে বদলি করা হলো।

সংশ্লিষ্টরা মনে করছেন, বদলির এই ঢেউ কারা প্রশাসনে নতুন গতিশীলতা সৃষ্টি করবে এবং দুর্নীতি ও অনিয়ম রোধে ইতিবাচক ভূমিকা রাখবে।

মতামত দিন