জাতীয়
ছবি: সংগৃহীত

৫ লাখ শ্রমিক নেবে ইতালি, বাংলাদেশিদের জন্য বড় সুযোগ।

নিজস্ব প্রতিবেদক:

২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরে প্রায় পাঁচ লাখ বিদেশি শ্রমিক নেবে ইতালি। বাংলাদেশসহ মোট ৩৪টি দেশের জন্য নির্ধারিত এই রোডম্যাপের গেজেট সম্প্রতি প্রকাশ করেছে ইতালীয় সরকার।
এতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দ ও আশার সঞ্চার হয়েছে।

শিল্প ও কৃষিনির্ভর অর্থনীতির দেশ ইতালিতে প্রতিবছরই কৃষি, শিল্প ও পর্যটনখাতে বিপুল সংখ্যক শ্রমিকের প্রয়োজন হয়। এর বড় একটি অংশই আসে বিদেশ থেকে। নতুন ঘোষিত এই কর্মসূচির আওতায় ২০২৬  সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন শ্রমিক, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার এবং ২০২৮ সালে আরও ১ লাখ ৬৭ হাজার ৭০০ জন শ্রমিক নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে। তিন বছরে মোট কোটার সংখ্যা দাঁড়াবে ৪ লাখ ৯৭ হাজার ৫৫০।

আবেদন গ্রহণ শুরু ২০২৬ সালের জানুয়ারি থেকে

সরকারি তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে।

  • ১২ জানুয়ারি: কৃষিখাতে শ্রমিকের আবেদন

  • ৯ ফেব্রুয়ারি: পর্যটন খাতের জন্য আবেদন

  • ১৬ ফেব্রুয়ারি: স্থায়ী ও স্ব-কর্মসংস্থানকারীদের আবেদন

  • ১৮ ফেব্রুয়ারি: দক্ষ ও অভিজ্ঞ পেশাজীবীদের আবেদন নেওয়া হবে

বাংলাদেশিরা চারটি ক্যাটাগরিতেই আবেদন করতে পারবেন বলে জানা গেছে। আগের বছরের অভিজ্ঞতা অনুযায়ী অনেক বাংলাদেশিই কোটা সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।

আশাবাদী প্রবাসীরা, তবে সতর্কতার আহ্বান

ইতালিতে উন্নত জীবনের আশায় অনেক বাংলাদেশি আগেও স্পন্সর ভিসায় আবেদন করেছিলেন। তবে সফলতার হার তুলনামূলকভাবে কম ছিল, আর অনেকেই দালাল চক্র ও জালিয়াতির ফাঁদে পড়ে ভোগান্তির শিকার হন।

তাই অভিবাসন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা আবেদনকারীদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। বিশেষ করে অনুমোদিত এজেন্সির মাধ্যমেই আবেদন করতে বলা হয়েছে।

উল্লেখযোগ্য দিক

ইতালির এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা অভিবাসন ব্যবস্থাপনাকে আরও সহজ ও স্বচ্ছ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। একইসঙ্গে বৈধ পথে উন্নত জীবন গড়ার স্বপ্ন পূরণে বড় সুযোগ এনে দেবে এটি। ইতালি সরকারের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা।

মতামত দিন