২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৩৮৬, মৃত্যু ১।
মঙ্গলবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৩ জন, ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ৭৩ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন, চট্টগ্রামে ১৯ জন, খুলনায় ১৬ জন, ময়মনসিংহে ৮ জন এবং ঢাকা মহানগরের দক্ষিণ ও উত্তর অংশে যথাক্রমে ৩৮ ও ৩০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত এক দিনে ৩২২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৯ হাজার ৪০৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বছরের শুরু থেকে ১ জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৬৮২ জনে।একই সময়ে ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন ৪৩ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার এবং ডেঙ্গু আক্রান্তের আশঙ্কা বাড়ার বিষয়ে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্নতা নিশ্চিত করা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মতামত দিন