জাতীয়
ছবি: সংগৃহীত

চলতি বছরে একদিনে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্ত,২৪ ঘণ্টায় হাসপাতালে ৪২৯।

নিজস্ব প্রতিবেদক:

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৪২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
২০২৫ সালে এটাই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ রোগী ভর্তি হওয়ার রেকর্ড।

সোমবার (৩০ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। তবে আশার কথা—এই সময়ের মধ্যে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি।

বিভাগওয়ারি বিশ্লেষণে দেখা যায়, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আক্রান্ত হয়েছেন সর্বোচ্চ ১৪৯ জন। এরপর চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৭ জন, রাজশাহীতে ৫৪, ঢাকার বাইরে ঢাকা বিভাগে ৬১ জন এবং খুলনা বিভাগে ২১ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি  করপোরেশনে ৪২ জন এবং দক্ষিণে ৪৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

অন্যদিকে গত এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৫৮ জন রোগী। চলতি বছর এ পর্যন্ত মোট ৯ হাজার ৮৭ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে উঠেছেন।

সব মিলিয়ে ২০২৫ সালের শুরু থেকে ৩০ জুন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২৯৬ জনে।

ডেঙ্গুর এমন ঊর্ধ্বগতি স্বাস্থ্যখাতে নতুন উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা পরিষ্কার পানি জমে থাকা স্থানে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতার ওপর জোর দিচ্ছেন।

মতামত দিন