জাতীয়
ছবি: সংগৃহীত

বিমানবন্দরে ম্যাগাজিন কাণ্ড নিয়ে ফের মুখ খুললেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক:

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গুলিভর্তি ম্যাগাজিনসহ ধরা পড়ার একদিন পর ফের মুখ খুলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে  সোমবার (৩০ জুন) দেয়া নতুন এক স্ট্যাটাসে তিনি পুরো বিষয়টিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছেন।

আসিফ মাহমুদ লেখেন, “গতকালের ঘটনার পর আমি উপলব্ধি করলাম—এ দেশে কেউই নিরাপদ না,  আপনি পিস্তল রাখুন বা মিসাইল, আপনার অবস্থান মুহূর্তেই ফাঁস হতে পারে। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ কীভাবে বিদেশে পৌঁছে যায়, সেটাই এখন বড় প্রশ্ন।”

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “এইভাবে যদি তথ্য পাচার হতে থাকে, তাহলে দেশি-বিদেশি সন্ত্রাসী চক্র, গুপ্তঘাতক কিংবা গোয়েন্দা সংস্থার হাতে আমাদের স্পর্শকাতর তথ্য চলে যেতে সময় লাগবে না। এটা শুধু একজন উপদেষ্টার ঘটনা নয়—এটা বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা প্রশ্নে বড় উদ্বেগের বিষয়।”

আসিফ মাহমুদ আরও অভিযোগ করেন, “জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যাদের, তারা এখন সাধারণ মানুষের ওপরে নজরদারি চালাতে ব্যস্ত। বৈধ কিছু না পেয়ে তারা এখন হাস্যকর ও ভিত্তিহীন  বিষয় নিয়েও আক্রমণে যাচ্ছে।”

তবে একই সঙ্গে তিনি একটি বিষয়েও আশাবাদী। তার ভাষায়, “দেশের মানুষ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সচেতন। আজ যদি গণঅভ্যুত্থানের নেতৃত্বের বিপক্ষে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তবে এর পেছনে কারা আছে, তা কেউ অজানা রাখবে না।”

এদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বিষয়টি নিয়ে মন্তব্য করে বলেন, “আসিফ মাহমুদ ভুলক্রমে তার ব্যাগে রিভলবারের ম্যাগাজিন রেখেছিলেন। তবে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, ওআইসি ইয়ুথ ক্যাপিটাল প্রোগ্রামে যোগ দিতে গতকাল রোববার মরক্কোর মারাকেশগামী ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন আসিফ মাহমুদ। স্ক্যানিংয়ের সময় তার ব্যাগে গুলির ম্যাগাজিন ধরা পড়ে। পরে তিনি বিষয়টিকে ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে ব্যাখ্যা দেন।


মতামত দিন