জনপ্রশাসনে অতিরিক্ত সচিব পদে বড় পরিসরে পদোন্নতি চূড়ান্তের পথে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিসিএস ২০তম ব্যাচের কর্মকর্তাদের মধ্যে থেকেই এবার অধিকাংশকে পদোন্নতির জন্য বিবেচনা করা হচ্ছে। ওই ব্যাচে মোট ৩৭৮ জন কর্মকর্তা রয়েছেন, যাদের মধ্যে প্রায় ১৩০ জন এই তালিকায় থাকতে পারেন। তবে, অতীত দায়িত্ব পালন, আচরণ এবং শুদ্ধাচার বিষয়ক বিবেচনায় অনেকে বাদ পড়ছেন। বিশেষ করে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিতর্কিত ভূমিকা রাখা কিছু জেলা প্রশাসক এবং দুর্নীতিসহ নানা অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের তালিকা থেকে সরিয়ে রাখা হয়েছে।
সূত্র আরও জানায়, শুধু অনুমোদিত শূন্য পদে নয়, প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে অতিরিক্ত সচিব পদে প্রেষণযোগ্য পদের বাইরেও পদোন্নতির চিন্তাভাবনা করা হচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন উইং, করপোরেশন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তাদের পদায়নের জন্য প্রয়োজন পড়ছে প্রায় ৪০০ কর্মকর্তার।
এই প্রেক্ষাপটে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) তালিকাটি যাচাই-বাছাই করছে। বোর্ডের সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত অনুমোদনের জন্য তা পাঠানো হবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মতামত দিন