জাতীয়
ছবি: সংগৃহীত

বায়ুদূষণ রোধে শিগগিরই সরানো হবে মেয়াদোত্তীর্ণ গাড়ি।

নিজস্ব প্রতিবেদক:

বায়ুদূষণ কমাতে দেশের সড়ক থেকে পর্যায়ক্রমে সব মেয়াদোত্তীর্ণ ও ব্যবহারের অযোগ্য গাড়ি অপসারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পানি সম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (৩০ জুন) সচিবালয়ে বায়ুদূষণ মোকাবিলায় চীনের বিশেষজ্ঞ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে  তিনি এসব কথা বলেন।

তিনি জানান, আগামী অক্টোবরের আগেই ভাঙাচোরা সড়কগুলো সংস্কারের মাধ্যমে ধুলাবালি ও বায়ুদূষণের উৎসগুলো কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে মেয়াদোত্তীর্ণ পুরনো গাড়িগুলো ধাপে ধাপে  সড়ক থেকে অপসারণ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

উপদেষ্টা আরও জানান, পরিবেশবান্ধব যানবাহন ব্যবস্থাপনা জোরদার করতে নতুন ২৫০টি পরিবেশসম্মত যানবাহন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, “দূষণ নিয়ন্ত্রণে এখন আর খণ্ড খণ্ড পদক্ষেপে চলা যাবে না। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় একটি সমন্বিত কাঠামো দরকার। এজন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে একটি কার্যকর কর্মপরিকল্পনা ও ওয়ার্কিং কমিটি গঠন করা হবে।”

চীনের সঙ্গে প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের ভিত্তিতে দূষণ নিয়ন্ত্রণে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও আশাবাদ প্রকাশ করেন পরিবেশ উপদেষ্টা।

মতামত দিন