জাতীয়
ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ২২ হাজারের বেশি, বহিষ্কার ৪১ জন।

নিজস্ব প্রতিবেদক:

চলমান ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে মোট ২২ হাজার ৩৯১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পরীক্ষার বিভিন্ন কেন্দ্র থেকে অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে ৪১ জনকে।

রোববার (২৯ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৫১ হাজার। তবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১০ লাখ ৯৭ হাজার ৮৭৫ জন। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বোর্ডভিত্তিক অনুপস্থিতি ও বহিষ্কার

ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৬৫৫ জন এবং বহিষ্কৃত হয়েছেন ৮ জন শিক্ষার্থী। কুমিল্লা বোর্ডে ৮৬ হাজার ৯৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৬৮২ জন অনুপস্থিত ছিলেন, বহিষ্কার করা হয়েছে ২ জনকে।

ময়মনসিংহ বোর্ডে তিনজন শিক্ষার্থী ও একজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম ও যশোর বোর্ডে তুলনামূলকভাবে অনুপস্থিতির হার কিছুটা কম হলেও দিনাজপুর, রাজশাহী ও সিলেট বোর্ডে অনুপস্থিতির সংখ্যা তুলনামূলক বেশি ছিল।

মাদ্রাসা ও কারিগরি বোর্ডে অবস্থা

মাদ্রাসা বোর্ডের আরবি প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিয়েছে ৭৯ হাজার ২৯২ জন। অনুপস্থিত ছিল ৪ হাজার ৪৯১ জন এবং বহিষ্কৃত হয়েছেন ১০ জন শিক্ষার্থী।

কারিগরি বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্রে পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৮ হাজার ৫২ জন। এর মধ্যে অনুপস্থিত ছিলেন ২ হাজার ২ জন এবং বহিষ্কার করা হয় ৮ জনকে।

প্রথম দিনের চিত্র

পরীক্ষার প্রথম দিন (২৬ জুন) অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৭৫৯ জন এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৪৩ জনকে বহিষ্কার করা হয়েছিল।

উল্লেখ্য, এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা চলবে ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত।

মতামত দিন