জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনে সম্মতি।

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক একটি আঞ্চলিক কার্যালয় স্থাপনে নীতিগত সম্মতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (২৯ জুন) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদন দেওয়া হয়।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, প্রস্তাবিত কার্যালয়টি ঢাকায় চালু হবে এবং প্রাথমিকভাবে তিন বছরের জন্য কার্যক্রম পরিচালনা করবে। মেয়াদ শেষে যৌথ সমঝোতার ভিত্তিতে এর সময়কাল নবায়নের সুযোগ থাকবে।

তিনি জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্কের সাম্প্রতিক ঢাকা সফরের সময় এ বিষয়ে অগ্রগতি হয়। টুর্কের সঙ্গে সরকারের একাধিক দফায় আলোচনা শেষে এখন তা বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে।

আসিফ নজরুল বলেন, “জাতিসংঘ বহুদিন ধরেই বাংলাদেশে তাদের মানবাধিকার মিশনের একটি শাখা স্থাপনে আগ্রহ দেখিয়ে আসছিল। আমরা বিষয়টি পর্যবেক্ষণ ও মূল্যায়নের পর আজ উপদেষ্টা পরিষদে নীতিগতভাবে অনুমোদন দিয়েছি।পরবর্তী ধাপে কিছু কারিগরি পর্যালোচনার পর চূড়ান্ত খসড়া জাতিসংঘের কাছে পাঠানো হবে।”

চূড়ান্ত অনুমোদনের পর দ্রুততম সময়ের মধ্যেই সমঝোতা স্মারক স্বাক্ষর হবে এবং এর মাধ্যমে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের ঢাকা কার্যালয়ের পথ উন্মুক্ত হবে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, মানবাধিকার পর্যবেক্ষণ ও সহায়তার লক্ষ্যে জাতিসংঘের এই উদ্যোগকে বাংলাদেশে মানবাধিকার ইস্যুতে আন্তর্জাতিক সহযোগিতার একটি নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে।

মতামত দিন