জাতীয়
ছবি: সংগৃহীত

রাবিতে ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের লাগাতার অবস্থান কর্মসূচি।

নিজস্ব প্রতিবেদক:

আবাসন, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও প্রশাসনিক সংস্কারসহ ৯ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। রোববার (২৯ জুন) দুপুরে প্যারিস রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু  করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় তারা।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দাবিগুলো জানানো হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়নি। প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদে এবার কঠোর কর্মসূচিতে নেমেছেন তারা।

দাবিগুলো হলো:
১. পূর্ণাঙ্গ আবাসিক সুবিধার রোডম্যাপ ঘোষণা
২. পরীক্ষায় রোলবিহীন খাতা মূল্যায়ন এবং খাতা চ্যালেঞ্জের সুযোগ
৩. ক্যাম্পাসে ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা
৪. মেডিকেল সেন্টারকে ৫০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে উন্নীতকরণ
৫. প্রশাসনিক কার্যক্রম ডিজিটাল ও অনলাইনভিত্তিক করা
৬. হল ডাইনিংয়ে মানসম্মত খাবারের জন্য সরকারি ভর্তুকি
৭. গ্রন্থাগারের আধুনিকীকরণ ও প্রযুক্তিগত সংস্কার
৮. টিএসসিসি’র পূর্ণাঙ্গ কার্যকারিতা নিশ্চিত করা
৯. রাকসুর পূর্ণাঙ্গ তফসিল দ্রুত ঘোষণা

সমাবেশে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, “শিক্ষার্থীদের এই ৯ দফা দাবি ন্যায্য এবং বাস্তবায়নযোগ্য। প্রশাসনের সদিচ্ছা থাকলেই দ্রুত কার্যকর করা সম্ভব। সময়মতো দাবি না মানলে কঠোর আন্দোলনে যেতে আমরা প্রস্তুত।”

ইতিহাস বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, “এই দাবি শুধু আমাদের জীবনের নয়, রাবির ভবিষ্যতেরও দাবি। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।”

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘আমার দাবি মানতে হবে’, ‘দালালি না, রাজপথ চাই’, ‘হল আমার অধিকার’, ‘সিন্ডিকেটের কালো হাত গুঁড়িয়ে দাও’, এমন সব স্লোগানে মুখর করে তোলেন পুরো ক্যাম্পাস। প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী মিছিলে অংশ নেন।

আন্দোলনকারীরা জানান, দাবি আদায়ে প্রশাসনের নিরুত্তর মনোভাব পরিবর্তন না হলে অবরোধ, আমরণ অনশনসহ আরও কঠোর কর্মসূচি আসবে।

মতামত দিন