জাতীয়
ছবি: সংগৃহীত

পদ্মায় জেলের বড়শিতে ধরা পড়ল ৪২ কেজির বিশাল বাগাড় মাছ।

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদী থেকে বড়শিতে ধরা পড়েছে ৪২ কেজি ওজনের বিশাল এক বাগাড় মাছ। শনিবার (২৮ জুন) রাতের দিকে উপজেলার হাজার বিঘার চর এলাকায় স্থানীয় জেলে আদু শেখের বড়শিতে মাছটি আটকা পড়ে।

রোববার সকালে মাছটি স্থানীয় চর হাজীগঞ্জ বাজারে আনলে আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিলামের মাধ্যমে ১৮ জন মিলে ৬২ হাজার টাকায় মাছটি কিনে ভাগাভাগি করে নেন।

জানা গেছে, সম্প্রতি পদ্মার পানি বাড়ায় বড় আকৃতির মাছ জেলেদের জালে ধরা পড়ছে। রুই, বোয়াল, কাতলার পাশাপাশি বড় আকারের বাগাড়ও এখন জেলেদের জালে আসছে। আদু শেখ শনিবার রাতেই বড়শি পাতেন নদীতে। শেষরাতে তার বড়শিতে বিশাল আকারের বাগাড়টি ধরা পড়ে।

মাছটির একজন ক্রেতা বলেন, “মাছটির ওজন ৪২ কেজি। আমরাই সর্বোচ্চ দর হাঁকিয়ে এটি কিনেছি।পদ্মায় এত বড় বাগাড় এই মৌসুমে এই প্রথম ধরা পড়ল।”

এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব জানান, “প্রজননকালীন মৌসুমে ও খাবারের খোঁজে বড় মাছ নদীতে ভিড় করে।বাগাড় মাছ যদিও বন্যপ্রাণীর তালিকায় পড়ে, তবে এটি মৎস্য সংরক্ষণ আইনের আওতায় নিষিদ্ধ নয়। জেলেরা বড় মাছ ধরতে পারেন।”

ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার জানান, “বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বাগাড় মাছের শিকার অপরাধ হলেও মৎস্য সংরক্ষণ আইনে এ বিষয়ে কোনো বাধা নেই। আমরা ছোট মাছ ও জাটকা রক্ষায় নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি।”

পদ্মা পাড়ে ধরা পড়া এই বিশাল বাগাড় শুধু জেলেদের মধ্যে নয়, সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল ও আনন্দের জন্ম দিয়েছে।

মতামত দিন