কুমিল্লায় ধর্ষণ ইস্যুতে আওয়ামী নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয়ে আছে:উপদেষ্টা আসিফ মাহমুদ।
শনিবার (২৮ জুন) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে আসিফ মাহমুদ বলেন, “মুরাদনগরের সব আওয়ামী সন্ত্রাসীদের পুনর্বাসন এবং ক্ষমতায়নের মাধ্যমে নিরীহ জনগণের ওপর দমন-পীড়ন, চাঁদাবাজি ও ধর্ষণের মতো অপরাধের পথ তৈরি হয়েছে। যারা এসব অপরাধীদের আড়াল করছেন, তারাই মূলত আজকের অনাকাঙ্ক্ষিত অবস্থার জন্য দায়ী।”
তিনি আরও লিখেছেন, “একসময় চাঁদাবাজকে হাতেনাতে ধরা হলেও পরে থানায় হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়েছিল স্থানীয় একটি প্রভাবশালী মাফিয়া গোষ্ঠী। আজকের ঘটনাও সেই ধারাবাহিকতা।”
ধর্ষণের ঘটনায় ব্যক্তিগতভাবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “আমি লজ্জিত। ভাষা হারিয়ে ফেলেছি। এলাকাবাসী বলে বেড়াচ্ছে গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ বদলেছে, অথচ মুরাদনগর পড়েছে আরেক চক্রের দখলে।”
জানা গেছে, শুক্রবার (২৭ জুন) ভুক্তভোগী নিজে বাদী হয়ে অভিযুক্ত ফজর আলীকে আসামি করে ধর্ষণের মামলা করেন মুরাদনগর থানায়। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে ভিডিও ভাইরালের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে। যদিও তাদের নাম প্রকাশ করা হয়নি। মূল অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে স্থানীয় প্রশাসন বলছে, মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। তবে আসিফ মাহমুদের মতে, মূল মাফিয়াদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।

মতামত দিন