জাতীয়
ছবি: সংগৃহীত

চলছে এনবিআরের শাটডাউন, আজ সচিবালয়ে যাবে ঐক্য পরিষদ।

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন কর্মসূচি।রোববার (২৯ জুন)  সকাল থেকেই রাজস্ব ভবনের সামনে জড়ো হন কর্মকর্তা-কর্মচারীরা।
মূল ভবনের ফটকে ব্যানার, স্লোগান আর প্রতিবাদে মুখর পরিবেশ; আশপাশে কড়া নিরাপত্তাব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো।

এনবিআর ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজই অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসতে সচিবালয়ে যাবে একটি প্রতিনিধি দল। সময় চূড়ান্ত হলে তাঁরা রওনা হবেন।

এই আন্দোলন এখন আর পূর্বের মতো কেবল দাবির তালিকা নয়, এক দফার মোড়ে এসে  ঠেকেছে—চেয়ারম্যানের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ২২ জুন থেকে শুরু হওয়া এই দ্বিতীয় দফার আন্দোলন এখন এনবিআরের সারাদেশের কার্যক্রমে বড়সড় প্রভাব ফেলেছে।

শাটডাউনের কারণে করসেবা কার্যত বন্ধ। অনেক করদাতা ভোগান্তিতে পড়ছেন, ব্যবসায়ীরা সময়মতো কাজ শেষ করতে পারছেন না। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এই কর্মসূচির আওতার বাইরে রাখা হয়েছে।

আন্দোলনকারীরা বলছেন, তারা আপাতত রাস্তায়ই থাকবেন। দাবি না মানা পর্যন্ত স্বাভাবিক কার্যক্রমে ফেরার প্রশ্নই আসে না।

মতামত দিন