জাতীয়
ছবি: সংগৃহীত

পাবনার ফরিদপুরে বড়াল নদীতে ডুবে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক:

পাবনার ফরিদপুর উপজেলায় বড়াল নদীতে গোসল করতে নেমে দুই শিশু—তিন্নি খাতুন (১১) ও তার চাচাতো ভাই জোবায়ের আহমেদ (৭)—জীবন হারিয়েছে। শুক্রবার (২৭ জুন) দুপুরে উপজেলার উত্তর থানাপাড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

তিন্নি স্থানীয় বাসিন্দা আবু সামা কাউন্সিলের মেয়ে এবং জোবায়ের মোহাম্মদ আলমগীর হোসেনের একমাত্র সন্তান। উভয় শিশুই সাঁতার জানত না বলে নিশ্চিত করেছে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে তারা বাড়ির পাশে নদীতে গোসল করতে নামলে এক পর্যায়ে নিখোঁজ  হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর এলাকাবাসীর সহায়তায় দুজনকেই অচেতন অবস্থায় নদী থেকে উদ্ধার করে গোপালনগর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর আগেই তারা প্রাণ হারায়।

ঘটনার পরপরই পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের পরিবারের সদস্যরা এই মর্মান্তিক দুর্ঘটনায় ভেঙে পড়েছেন।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাত জামান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ঘটনার বিষয়টি নথিভুক্ত করা হয়েছে।

মতামত দিন