বাগেরহাটের মোরেলগঞ্জে সেতু ভেঙে সবজি ব্যবসায়ীর মৃত্যু।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মালবোঝাই একটি স্টিল বডির জাহাজ খালে থাকা পুরোনো স্লিপার সেতুটিতে ধাক্কা দিলে সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ওই সময় সেতুর নিচে থাকা একটি নৌকায় ঘুমিয়ে ছিলেন সবজি ব্যবসায়ী নির্মল চন্দ্র। সেতুর ধ্বংসস্তুপ ও ধাক্কায় চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত নির্মল চন্দ্র মন্ডল পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের বাসিন্দা এবং ওই এলাকার মৃত অতুল চন্দ্র মন্ডলের ছেলে। পরিবার জানায়, প্রায় এক যুগ ধরে তিনি ফুলহাতা বাজারসহ পার্শ্ববর্তী হাটবাজারে কাঁচা সবজি বিক্রি করতেন। ঘটনার দিনও বিক্রি শেষে নৌকায়ই রাত্রিযাপন করছিলেন তিনি।
তার ভাই শ্যামল মন্ডল জানান, নির্মল চন্দ্র কিছুদিন আগে ফুলহাতায় ফেরেন। তার পরিবারে স্ত্রী কনক রানী, ছেলে রাজীব মন্ডল (ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী) এবং মেয়ে সাগরিকা মন্ডল (বরিশাল নার্সিং কলেজে অধ্যয়নরত) রয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান জানান, পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় শোক প্রকাশ করে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, সেতু ধসের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার কোনো তথ্য মেলেনি।
মতামত দিন