এনবিআর সংস্কারের দাবিতে শাটডাউন ও ‘মার্চ টু এনবিআর’।
দুপুরের দিকে জড়ো হওয়া কর্মীদের সংখ্যা আরও বাড়তে থাকে। তারা ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচিতে অংশ নিয়ে এনবিআর প্রধান কার্যালয়ের ফটকে অবস্থান নেন। একই সঙ্গে সারাদেশে আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের দপ্তরগুলোতে শুরু হয়েছে লাগাতার ‘কমপ্লিট শাটডাউন’। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এ কর্মসূচির আওতার বাইরে থাকবে বলে জানান সংগঠনের নেতারা।
এর আগে, শুক্রবার রাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
প্রসঙ্গত, গত ১২ এপ্রিল সরকার এক অধ্যাদেশে এনবিআর বিলুপ্ত করে দুটি নতুন বিভাগ—‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’—গঠনের ঘোষণা দিলে এর প্রতিবাদে আন্দোলন শুরু হয়। যদিও পরবর্তীতে ১২ মে ওই অধ্যাদেশ অকার্যকর ঘোষণা করলে আন্দোলন স্থগিত করা হয়।
তবে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানকে ২৯ মে’র মধ্যে অপসারণের দাবিতে আল্টিমেটাম দিয়েছিল ঐক্য পরিষদ। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর তাঁকে 'অবাঞ্ছিত' ঘোষণা করা হয়। এরপর ২২ জুন পাঁচ কর্মকর্তা বদলির ঘটনায় আন্দোলন ফের তীব্র রূপ নেয়।
এনবিআর গতকাল শুক্রবার এক বিবৃতিতে জানায়, কর্মস্থলে অনুপস্থিতি বা দেরিতে উপস্থিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তবে আন্দোলনকারীরা সরকারের এ হুঁশিয়ারি উপেক্ষা করে কর্মসূচি অব্যাহত রেখেছেন। আলোচনার প্রস্তাবও তারা প্রত্যাখ্যান করেছেন।
মতামত দিন