জাতীয়
ছবি: সংগৃহীত

ইরানের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাল ঢাকাস্থ ইরানি দূতাবাস।

নিজস্ব প্রতিবেদক:

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ায় বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি আনুষ্ঠানিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত ইরানি দূতাবাস। এক বিবৃতিতে তারা বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন স্তর থেকে আসা সমর্থনকে মানবিক চেতনার শক্তিশালী প্রতিফলন বলে অভিহিত করেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) এই বিবৃতিতে জানানো হয়, সাম্প্রতিক সংকটকালীন সময়ে বাংলাদেশের জনগণ, শিক্ষাবিদ, রাজনীতিক ও সামাজিক সংগঠনসমূহ শান্তিপূর্ণ সমাবেশ এবং বিবৃতির মাধ্যমে যে সহমর্মিতা ও সংহতি প্রকাশ করেছে, তা আন্তর্জাতিক ন্যায়বিচার, স্বাধীনতা ও মর্যাদার প্রতি এক অটুট অঙ্গীকারের পরিচায়ক।

ইরানি জনগণের প্রতিরোধকে ‘জাতীয় ইচ্ছাশক্তির প্রতিফলন’ হিসেবে আখ্যা দিয়ে দূতাবাস জানায়, এটি শুধু সার্বভৌমত্ব রক্ষার লড়াই নয়, বরং বৈশ্বিকভাবে আধিপত্যবাদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে একটি স্পষ্ট বার্তা।

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বের যেকোনো আগ্রাসনের মুখে পারস্পরিক সংহতি ও সহযোগিতা এখন  সময়ের দাবি। বাংলাদেশ যেভাবে এ অবস্থানে পাশে থেকেছে, তা ইরানের জন্য অনুপ্রেরণাদায়ক।

"সহিংসতা ও আগ্রাসনের বিরুদ্ধে জাতিগুলোর একত্র অবস্থান আন্তর্জাতিক স্থিতিশীলতা ও মানবাধিকারের পক্ষে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে,"—বলে উল্লেখ করা হয় বিবৃতির শেষাংশে।

মতামত দিন