জাতীয়
ছবি: সংগৃহীত

সিইসির সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ।

নিজস্ব প্রতিবেদক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এদিন একই স্থানে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’  নিয়ে আয়োজিত এই বৈঠকে দেশের সব সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন নিশ্চিত করতে  সংশ্লিষ্টদের সুনির্দিষ্ট নির্দেশ দেন তিনি।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধির জন্য ছাদের ওপর সোলার প্যানেল বসানো এখন জরুরি। তিনি নির্দেশ দেন, সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালসহ সব রাষ্ট্রীয় ভবনে রুফটপ সোলার সিস্টেম বসানোর উদ্যোগ দ্রুত গ্রহণ করতে হবে।

আলোচনায় উঠে আসে আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা (IRENA)-এর ২০২৪ সালের প্রতিবেদন, যেখানে বলা হয়েছে—বাংলাদেশ নবায়নযোগ্য শক্তি উৎপাদনে আশপাশের দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে। ভারতের বিদ্যুৎ চাহিদার ২৪ শতাংশ, পাকিস্তানের ১৭.১৬ শতাংশ এবং শ্রীলঙ্কার ৩৯.৭ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণ হলেও, বাংলাদেশে এ হার মাত্র ৫.৬ শতাংশ।

দেশে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০২৫ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারিত রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে ৫২৩৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫৫টি সৌরবিদ্যুৎ প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়েছে। তবে এসব প্রকল্প বাস্তবায়নে ২০২৮ সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

প্রধান উপদেষ্টা বলেন, “রুফটপ সোলার কর্মসূচি ত্বরান্বিত করতে হলে সরকার শুধু ভবনের ছাদ বরাদ্দ দেবে, আর বাস্তবায়ন করবে বেসরকারি খাত। তারা নিজেরাই তাদের বাণিজ্যিক স্বার্থে এই সিস্টেম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে।”

তিনি এ উদ্যোগকে দেশের জ্বালানি নিরাপত্তা ও পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের জন্য এক গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে অভিহিত করেন।

মতামত দিন