জাতীয়
ছবি: সংগৃহীত

যশোরে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা ও এক নারী নিহত।

নিজস্ব প্রতিবেদক:

যশোরের নতুনহাট এলাকায় ভোরবেলার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (২৬ জুন) ভোর ৪টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি প্রাইভেটকারে করে চারজন যাত্রী বেনাপোলের দিকে যাচ্ছিলেন। নতুনহাটে পৌঁছালে হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রচণ্ড গতিতে ধাক্কা লাগে।ঘটনাস্থলেই মৃত্যু হয় যশোর জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক মাসুদুর রহমান মিলন (৪০) এবং উপশহর সারথী মিল এলাকার বাসিন্দা লিটন হোসেনের স্ত্রী জুই (৩০)-এর।

আহতদের মধ্যে রয়েছেন বাগেরহাটের বাসিন্দা মামুন (৩২) ও যশোর সদরের মাসুদ (৪৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের মতে, তাদের অবস্থাও সংকটাপন্ন।

দুর্ঘটনার বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতাই দুর্ঘটনার কারণ।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই ঘটনার পর মহাসড়কে যানবাহনের নিরাপত্তা ও গতি নিয়ন্ত্রণ নিয়ে আবারও উদ্বেগ তৈরি হয়েছে।

মতামত দিন