প্রবেশপত্র না পেয়ে পরীক্ষা দিতে পারেনি ১৭ এইচএসসি শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে নিরুপায় শিক্ষার্থীরা কলেজের সামনে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করে। তাদের দাবি—রেজিস্ট্রেশন ও পরীক্ষার যাবতীয় ফি নেওয়া হলেও দেওয়া হয়নি প্রবেশপত্র কিংবা রেজিস্ট্রেশন কার্ড।
শিক্ষার্থীদের মধ্যে ১০ জন বিজ্ঞান বিভাগ, ৪ জন মানবিক এবং ৩ জন ব্যবসায় শিক্ষা বিভাগের। বুধবার (২৫ জুন) রাত ২টা পর্যন্ত কলেজে অপেক্ষা করেও প্রবেশপত্র না পেয়ে হতাশ অভিভাবক ও শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে জবাব চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।
এক পর্যায়ে অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিম ও কলেজ কর্তৃপক্ষ গেট তালাবদ্ধ করে কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যান বলে জানান অভিভাবকরা। ঘটনার পর থেকে অধ্যক্ষের মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং প্রতিষ্ঠানটিও তালাবদ্ধ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে যথাযথ তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, চলতি বছর জামালপুর জেলার ৫২টি কেন্দ্রে মোট ২৬ হাজার ৫৭৫ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তবে এই ঘটনা তুলে দিয়েছে এক ভয়াবহ অব্যবস্থাপনার পর্দা, যা অনেক শিক্ষার্থীর ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

মতামত দিন