অনিয়ম ও হয়রানি বন্ধে বিমান কর্মীদের জন্য বাধ্যতামূলক হচ্ছে বডি ক্যামেরা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রোধে এবার বড় পদক্ষেপ নিচ্ছে রাষ্ট্রীয় এই সংস্থা। যাত্রীসেবা নিশ্চিত করতে বিমানের কর্মীদের জন্য বডি ক্যামেরা ব্যবহারে বাধ্যবাধকতা আনছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে রাজধানীর বলাকা ভবনে আয়োজিত ‘তথ্য অধিকার বিষয়ক কর্মশালা’তে এ তথ্য জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহিদুল ইসলাম ভুঞা।
তিনি বলেন, “কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে কোনো গাফিলতি বা অনিয়ম পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে। এবার বডি ক্যামেরা সংযুক্ত করা হলে দায়িত্ব পালনের সময় কেউ আর দায় এড়াতে পারবেন না।”
এ সময় তিনি জানান, যাত্রীসেবার মান উন্নয়নের পাশাপাশি আর্থিক ক্ষতি কমাতে অলাভজনক রুট বন্ধ করে লাভজনক রুট চালুর উদ্যোগ নিয়েছে বিমান। এ প্রেক্ষিতেই জাপানের নারিতা রুটে ধারাবাহিক লোকসানের কারণে সরাসরি ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাহিদুল ইসলাম আরও বলেন, “নতুন সম্ভাবনাময় রুটে ফ্লাইট পরিচালনার জন্য শিগগিরই দুটি উড়োজাহাজ লিজ নেয়া হবে।”
বিমানের এ ধরনের উদ্যোগকে যাত্রীসেবা ও আর্থিক ব্যবস্থাপনায় একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন