জাতীয়
ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আগামীকাল,পরীক্ষার্থী সাড়ে ১২ লাখ।

নিজস্ব প্রতিবেদক:

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন)। সকাল ১০টায় বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হবে লিখিত পরীক্ষা, চলবে ১০ আগস্ট পর্যন্ত।

এবার মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন।

নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে ১৫ আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষার দিন প্রশ্নপত্রের সেট কোড জানানো হবে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএসের মাধ্যমে।

পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছাতে হবে পরীক্ষার্থীদের। নির্ধারিত সময়ের পর কেউ ঢুকলে তার বিস্তারিত তথ্য বোর্ডে জানাতে হবে। কেবল কেন্দ্র সচিবই নির্দিষ্ট ধরনের মোবাইল ফোন  ব্যবহার করতে পারবেন।

পরীক্ষার সময় মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ। পরীক্ষা হবে বিরতিহীনভাবে। ওএমআর ফরমে সঠিকভাবে তথ্য পূরণ, উত্তরপত্র না ভাঁজ করাসহ কিছু নির্দেশনা মেনে চলতে হবে।

নিজ প্রতিষ্ঠানে কেউ পরীক্ষা দিতে পারবে না, প্রবেশপত্রে যেসব বিষয়ের নাম আছে শুধু সেগুলোর পরীক্ষাতেই অংশ নেওয়া যাবে।

শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নজরদারি থাকবে সামাজিক যোগাযোগমাধ্যমেও।

মতামত দিন