দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধের নির্দেশ।
মঙ্গলবার (২৪ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জানানো হয়েছে, ১৫ আগস্ট পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে। নীতিগতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষাকে ঘিরে বাড়তি সতর্কতা বজায় রাখতে।
এ বছর পরীক্ষার্থী সংখ্যা কিছুটা কমেছে। অংশ নিচ্ছেন মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এর মধ্যে ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন, ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন। গতবারের তুলনায় এবার কমেছে প্রায় ৮২ হাজার পরীক্ষার্থী।
গত কয়েক বছর ধরে প্রশ্নফাঁস নিয়ে যে আলোচনা, অভিযোগ আর সন্দেহ—সেই পটভূমিতেই এবারের কড়াকড়ি। কেউ যেন ফাঁসের ফাঁদে না পড়ে, এ জন্যই আগেভাগেই কোচিং বন্ধের সিদ্ধান্ত।
কোনো রকম অনিয়ম যাতে না ঘটে, সে জন্য শিক্ষা প্রশাসন থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী—সবাই থাকবে অতিরিক্ত সতর্ক। পরীক্ষার দিনগুলোতে পরীক্ষার্থীদের যথাসময়ে কেন্দ্রে পৌঁছানো, মোবাইল ফোনসহ নিষিদ্ধ জিনিস না আনা, এবং কেন্দ্রের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন