জাতীয়
ছবি: সংগৃহীত

সোনারগাঁয়ে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ।

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বকেয়া বেতন পরিশোধ ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (২৪ জুন) সকালে কাঁচপুর এলাকায় এ অবরোধ শুরু হয়, যা প্রায় ঘণ্টাব্যাপী স্থায়ী ছিল।

শ্রমিকদের সড়ক অবরোধের ফলে মহাসড়কের মদনপুর থেকে শিমরাইল পর্যন্ত প্রায় ৫ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পণ্যবাহী পরিবহন চালকরা।

শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে বকেয়া বেতন পরিশোধ করা হচ্ছে না। পাশাপাশি মালিকপক্ষ কোনো প্রকার নোটিশ ছাড়াই ছাঁটাই করছে এবং ভাড়াটে সন্ত্রাসী দিয়ে মিল বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। এসব ঘটনার প্রতিবাদেই তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন।

এক শ্রমিক বলেন, “আজকের মধ্যে সব বকেয়া পরিশোধ করতে হবে। নয়তো আবার রাস্তায় নামব।”

ঘটনাস্থলে গিয়ে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ শ্রমিকদের সঙ্গে কথা বলে শান্ত করার চেষ্টা করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ জানান, মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের আশ্বস্ত করা হয়, বেতন শিগগিরই পরিশোধ করা হবে। এরপর শ্রমিকরা অবরোধ তুলে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

কারখানার উপমহাব্যবস্থাপক মাকসুদুর রহমান বলেন, “শ্রমিকদের দাবি অনুযায়ী বকেয়া বেতন পরিশোধ করা হবে। শ্রমিকরাও এখন শান্তভাবে কাজে ফিরে গেছে।”

অবরোধ ও বিক্ষোভ শেষে দুপুরের দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে পুরো ঘটনায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ এখনও রয়েছে বলে জানা গেছে।

মতামত দিন