ঠাকুরগাঁওয়ে নৈশ্যকোচের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের।
নিহতরা হলেন দেবিপুর ইউনিয়নের খলিসাকুড়ি গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম (৫০) ও তার মেয়ে রাবিয়াতুন নাহার (১৫), যিনি স্থানীয় এক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। পুলিশ জানায়, মেয়েকে অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন আশরাফুল। পথে পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি নৈশ্যকোচ তাদের বহনকারী থ্রিহুইলারটিকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই বাবা-মেয়ে মারা যান।
ভূল্লী থানার ওসি সাইফুল ইসলাম জানান, সংঘর্ষের পর বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এতে বাসের কয়েকজন যাত্রীও আহত হন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চালক ও হেলপার দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছেন। তাদের শনাক্ত করতে কাজ চলছে।
নিহত শিক্ষার্থী রাবিয়াতুনের স্কুলে নেমেছে শোকের ছায়া। সহপাঠী ও শিক্ষকদের চোখে পানি, কেউই বিশ্বাস করতে পারছেন না এই আকস্মিক মৃত্যু। আশরাফুল ও তার মেয়ের জানাজা ঘিরে স্থানীয়দের মধ্যে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এবং পুলিশ দুর্ঘটনার তদন্ত করছে বলে জানানো হয়েছে।
মতামত দিন