জাতীয়
ছবি: সংগৃহীত

৩৭ দফা দাবিতে রংপুর কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের 'কমপ্লিট শাটডাউন'।

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে একযোগে ক্লাস-পরীক্ষা বর্জন করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ৩৭ দফা দাবির বাস্তবায়ন না হওয়ায় সোমবার (২৩ জুন) সকাল থেকে তারা এই কর্মসূচি পালন করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। এরপর ভবনের সামনে বসে দাবি আদায়ের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

দাবিগুলোর মধ্যে রয়েছে— নতুন একাডেমিক ভবন নির্মাণ, বিভাগ চালু, ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে আসন সংকট নিরসন, পর্যাপ্ত পরিবহন সুবিধা, ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আধুনিক যাতায়াত অবকাঠামো।

শিক্ষার্থীরা জানান, গত বছরের আগস্ট থেকে তারা দাবিগুলো তুলে ধরলেও বারবার আশ্বাসের মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ থেকেছে। এক শিক্ষার্থীর ভাষায়, “প্রায় এক বছর ধরে দাবি জানিয়ে আসছি, কিন্তু অগ্রগতি কিছুই নেই। আমরা আর প্রতিশ্রুতিতে বিশ্বাস করি না। বাস্তবায়ন চাই।”

শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষা উপদেষ্টার প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।

এদিকে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজার রহমান বলেন, “আমরা শিক্ষার্থীদের সঙ্গে একাত্ম। ইতোমধ্যে দাবিগুলো লিখিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। আশাকরি শিগগিরই পদক্ষেপ আসবে।”

প্রসঙ্গত, ৫৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ১৬ হাজারের বেশি পরীক্ষার্থী এবার এই বোর্ডে এইচএসসি  পরীক্ষায় অংশ নিচ্ছেন। শিক্ষার্থীদের চলমান আন্দোলন পরিস্থিতিকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন