যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে এটা ভুয়া বিজ্ঞপ্তি।
রোববার (২২ জুন) বিকেলে এক আনুষ্ঠানিক বিবৃতিতে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, একটি অসাধু চক্র বোর্ডের নাম ও স্বাক্ষর জাল করে ভুয়া নোটিশ তৈরি করে তা অনলাইনে ছড়িয়ে দেয়। এতে বিভ্রান্ত হয়ে কিছু পরীক্ষার্থী বিভিন্ন কলেজে খোঁজ নিতে শুরু করে।
ঘটনার পরিপ্রেক্ষিতে বোর্ড কর্তৃপক্ষ যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, ভুয়া বিজ্ঞপ্তির উৎস শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
বোর্ড জানায়, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ২৬ জুন বাংলা প্রথম পত্র পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ বিষয়ে বোর্ডের পক্ষ থেকে ওয়েবসাইটে জরুরি সতর্কতা জারি করে বলা হয়, পরীক্ষার স্থগিত সংক্রান্ত ভুয়া প্রচারণায় কান না দিতে। বোর্ডের কোনও কর্মকর্তা এমন সিদ্ধান্ত নেননি বা কোনও বৈধ নোটিশ প্রকাশ করা হয়নি।
এদিকে যশোর শিক্ষা বোর্ডের আওতায় এ বছর ৫৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন শিক্ষার্থী ২৪০টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এ বছর কেন্দ্র ভেন্যু ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘‘এ ধরনের গুজব পরীক্ষার্থীদের মানসিক চাপে ফেলে দেয়। আমরা সবাইকে অনুরোধ করছি, শুধুমাত্র বোর্ডের অফিসিয়াল সূত্র থেকে তথ্য যাচাই করে নিন।’
মতামত দিন