জাতীয়
ছবি: সংগৃহীত

টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় হাউজবোট চলাচলে নিষেধাজ্ঞা।

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে হাওরের নির্দিষ্ট অঞ্চলে পর্যটকবাহী হাউজবোটের চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।

রোববার (২২ জুন) জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের স্বাক্ষরিত একটি নির্দেশনায় বলা হয়,হাওরের ওয়াচ টাওয়ার ও আশপাশের এলাকাগুলোতে এখন থেকে হাউজবোটের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ।

এই সিদ্ধান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

পর্যটকদের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়েছে, পরিবেশবিরোধী যেকোনো ধরনের কাজ থেকে বিরত থাকার পাশাপাশি জেলার অন্যান্য পর্যটনকেন্দ্রেও প্রশাসনের জারি করা বিধিনিষেধ মেনে চলতে হবে। এসব নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

এর আগে শনিবার (২১ জুন) টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের জন্য ১৩ দফা নির্দেশনা জারি করে জেলা প্রশাসন, যাতে হাওরের পরিবেশ রক্ষায় পর্যটকদের ভূমিকা নিশ্চিত করার কথা বলা হয়।

উল্লেখ্য, টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও মধ্যনগর উপজেলায় অবস্থিত।প্রায় ১২ হাজার ৬০০ হেক্টর আয়তনের এই হাওরে রয়েছে শতাধিক বিল এবং জালের মতো ছড়িয়ে থাকা খাল-নালা। প্রাকৃতিক বৈচিত্র্যের জন্য এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে বিবেচিত।

মতামত দিন