নির্বাচন হবে পুলিশের সুনাম পুনরুদ্ধারের সুযোগ: অতিরিক্ত আইজিপি।
রোববার (২২ জুন) টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে ৫৫তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অতিরিক্ত আইজিপি।
তিনি বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন শুধু দেশের জন্যই নয়, পুলিশ বাহিনীর জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে। এটি আমাদের অতীতের কলঙ্ক মোচনের একটি বড় সুযোগ হয়ে উঠবে।”
নতুন প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশে অতিরিক্ত আইজিপি বলেন, “পুলিশকে ঘিরে সাধারণ মানুষের মাঝে নানা ভুল ধারণা রয়েছে। এসব ভ্রান্ত ধারণা দূর করতে হলে পেশাদারিত্ব ও জনবান্ধব আচরণের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। সময়ের চাহিদা অনুযায়ী বাহিনীকে আরও আধুনিক ও দায়িত্বশীল করে গড়ে তোলা হয়েছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি আশরাফুল আলম, ডেপুটি কমান্ড্যান্ট এ এইচ এম কামরুজ্জামান (বিপিএম), টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সমাপনী অনুষ্ঠানে মোট ৮১৭ জন নবীন পুলিশ সদস্য কুচকাওয়াজে অংশ নেন, যাঁদের উদ্দেশে ভবিষ্যতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
মতামত দিন