জাতীয়
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৩৫২,বরিশালে পরিস্থিতি উদ্বেগজনক।

নিজস্ব প্রতিবেদক:

দেশজুড়ে ফের বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের  বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ সময় কুমিল্লায় এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (২১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। চলতি জুন মাসের প্রথম ২১ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩ হাজার ৮৪ জন। একই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৮ জনের।

সাম্প্রতিক ডেঙ্গু পরিস্থিতিতে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা বরিশাল বিভাগে। আজকের ৩৫২ জন রোগীর মধ্যে ১৬৭ জনই এ বিভাগের। এর মধ্যে আবার বরগুনা জেলাতেই সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন। বরগুনা সদর হাসপাতালে বর্তমানে ভর্তি ২২১ জন ডেঙ্গু রোগীর মধ্যে আজই নতুন করে ভর্তি হয়েছেন ৬৩ জন।

এদিকে আজ মারা যাওয়া ২৫ বছর বয়সী নারী কুমিল্লার বরুড়া উপজেলার নলুয়া গ্রামের বাসিন্দা। তিনি কুমিল্লা ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যের বাইরে বাস্তব চিত্র আরও ভয়াবহ—এমনটাই আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। কারণ, ডেঙ্গু আক্রান্ত অনেকেই হাসপাতালে ভর্তি না হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন এবং মৃত্যুর অনেক ঘটনা সরকারি পরিসংখ্যানে উঠে আসছে না।

প্রথম আলোর অনুসন্ধান অনুযায়ী, শুধু বরগুনা জেলায় ডেঙ্গুতে মারা গেছেন অন্তত ১১ জন। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে সেখানে মৃতের সংখ্যা দেখানো হয়েছে মাত্র ৫।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় সরকার, স্বাস্থ্য বিভাগ ও সিটি করপোরেশনসমূহকে এখনই সমন্বিত পদক্ষেপ নিতে হবে। নয়তো বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে।

মতামত দিন