ডেঙ্গুতে ঝিনাইদহে প্রথম মৃত্যু, ঢাকায় নেওয়ার পথে প্রাণ হারালেন তরুণ।
জানা গেছে, ১৫ জুন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর তৌকিরকে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে ১৯ জুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা তার অবস্থার দ্রুত অবনতি লক্ষ্য করে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। কিন্তু শনিবার (২১ জুন) ভোররাতে ঢাকা পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন জানান, তৌকিরের প্লাটিলেট একপর্যায়ে বিপজ্জনকভাবে নেমে যায়, যা প্রাণঘাতী হয়ে ওঠে। প্রথমে অবস্থার কিছুটা স্থিতিশীলতা থাকলেও পরে দ্রুত অবনতি ঘটে।
ঝিনাইদহের সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান জানান, এ বছর জেলায় ডেঙ্গুর সংক্রমণ শুরু হওয়ার পর তৌকির ছিলেন প্রথম শনাক্ত ও ভর্তি হওয়া রোগী, এবং দুর্ভাগ্যজনকভাবে তিনিই প্রথম মৃত্যুর শিকার হলেন। তিনি বলেন, “জেলাটি ডেঙ্গুপ্রবণ এলাকার মধ্যে পড়ে। কিন্তু সচেতনতার অভাব এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতির কারণে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।”
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পরিস্থিতি মোকাবিলায় স্থানীয়দের সতর্কতা অবলম্বনের পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান জানানো হয়েছে।
মতামত দিন