জাতীয়
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে একদিনে ২৪৮ জন হাসপাতালে, বরিশালেই আক্রান্ত অর্ধেকের বেশি।

নিজস্ব প্রতিবেদক:

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
তবে এ সময়ের মধ্যে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে শনাক্ত রোগীদের মধ্যে সর্বোচ্চ ১০৪ জনই বরিশাল বিভাগের, যা দেশের মোট নতুন আক্রান্তের প্রায় অর্ধেক। চট্টগ্রাম বিভাগে ভর্তি হয়েছেন ৩৯ জন, ঢাকার বাইরের অংশে ১৮ জন, ঢাকা উত্তর সিটি এলাকায় ২০ জন এবং দক্ষিণ সিটিতে ৩৫ জন।

এছাড়া খুলনায় ৭ জন, ময়মনসিংহে ৪ জন, রাজশাহীতে ১৮ জন এবং রংপুরে ৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।

চলতি জুন মাসের প্রথম ১৭ দিনেই ডেঙ্গুতে ২ হাজার ৫৮১ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৯২৬ জন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৩০ জন।

আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৫৯ দশমিক ২ শতাংশ এবং নারীর হার ৪০ দশমিক ৮ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বাড়ায় পরিস্থিতি আরও জটিল হতে পারে। সবার ব্যক্তিগত সতর্কতা এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া এই সংক্রমণ রোধ করা কঠিন হবে।

মতামত দিন