জাতীয়
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য পরীক্ষায় এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন। বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে গুলশানের বাসা 'ফিরোজা' থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন তিনি।

খালেদা জিয়া গাড়িবহরে ওঠার সময় তাকে একনজর দেখতে ও শুভেচ্ছা জানাতে বিএনপি এবং অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী গুলশানে জড়ো হন। তাদের ভিড়ে গাড়িবহরের গতি কিছুটা ধীর হয়ে যায়। এ সময় খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের নেতাকর্মীদের সামলাতে দেখা যায়।

এর আগে, দীর্ঘ চিকিৎসা শেষে গত ৬ মে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন বিএনপি নেত্রী। প্রায় চার মাস লন্ডনে অবস্থানকালে তিনি চিকিৎসাধীন ছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি তিনি লন্ডন যান এবং সেখানে প্রথমে ‘লন্ডন ক্লিনিক’-এ ভর্তি হন। পরবর্তীতে চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় অবস্থান করে চিকিৎসা নেন।

দীর্ঘদিন ধরেই খালেদা জিয়া বিভিন্ন জটিল রোগে ভুগছেন। ২০২১ সালের পর থেকে তাকে নিয়মিতভাবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে দেখা যাচ্ছে। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিয়মিত শারীরিক পরীক্ষা ও কিছু অনুসন্ধানমূলক পরীক্ষা করাতে হাসপাতালে যান তিনি।

বিএনপি নেতারা জানিয়েছেন, বুধবার সন্ধ্যার স্বাস্থ্য পরীক্ষা ছিল তার পূর্বনির্ধারিত রুটিন চেকআপের অংশ।

মতামত দিন