জাতীয়
ছবি: সংগৃহীত

ডিএসসিসির মশক নিধন কার্যক্রম উদ্বোধন করলেন ইশরাক।

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধীন মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার (১৮ জুন) নগর ভবনের সামনে বিএনপির চলমান অবস্থান কর্মসূচির মধ্যেই এই কার্যক্রম চালু করেন তিনি।

মশা নিধনের মতো নাগরিক সেবা নিজ উদ্যোগে শুরু করে ইশরাক দাবি করেন, আন্দোলনের মধ্যেও তারা জনস্বার্থে কাজ করে যাচ্ছেন। এ সময় তিনি সরকারের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র এবং সিটি করপোরেশনের নির্বাচিত প্রতিনিধিদের অগ্রাহ্য করার অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, “আমরা দেখছি, সরকারের উদ্দেশ্য আন্দোলন দমন নয়, বরং জনগণের সামনে আমাদের হেয় করা। সোশ্যাল মিডিয়ায় নানা মিথ্যা প্রচার চালিয়ে বিএনপির জনপ্রিয়তা নস্যাৎ করার অপচেষ্টা হচ্ছে। কিন্তু আমরা জানি, জনগণ কার পাশে আছে।”

তিনি অভিযোগ করেন, “আসিফ মাহমুদ নামের একজন উপদেষ্টা দক্ষিণ সিটির প্রশাসনিক কার্যক্রমকে প্রভাবিত করে নাগরিক সেবা ব্যাহত করছেন। তার বিরুদ্ধে গাজীপুরে ২০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ আছে। যদি দুদক তদন্ত না করে, তাহলে এটা স্পষ্ট হবে—সরকার নিজেই এসব দুর্নীতির আশ্রয়দাতা।”

ইশরাক আরও বলেন, “সরকার আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে রাজপথ থেকে সরিয়েছে, কিন্তু জনগণের যৌক্তিক দাবি এখনো মানা হয়নি। দক্ষিণ সিটির মানুষের সঙ্গে অবজ্ঞার আচরণ করা হচ্ছে।”

তিনি স্পষ্ট জানান, যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি চলবে এবং আগামীকাল (১৯ জুন) নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপিপন্থি সাবেক সচিব মশিউর রহমান এবং ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডের সাবেক কাউন্সিলররা।

মতামত দিন