জাতীয়
ছবি: সংগৃহীত

ইলিশের মূল্য নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি পাঠালেন চাঁদপুরের ডিসি।

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের বাজারে ইলিশের লাগামহীন দামে ভোক্তারা যখন বিপাকে, তখন জাতীয় মাছের মূল্য নির্ধারণে কেন্দ্রীয় উদ্যোগ চেয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যায় পাঠানো চিঠিতে তিনি বলেন, “ইলিশ শুধু চাঁদপুরেই ধরা পড়ে না, দেশের বিভিন্ন জেলায় এর আহরণ হয়।

তাই স্থানীয়ভাবে দাম নির্ধারণ করে সমস্যার সমাধান হবে না—এটি মন্ত্রণালয়েরই নির্ধারণ করা উচিত।”

ডিসি চিঠিতে উল্লেখ করেন,ইলিশের স্বাদ ও গুণগত মানের জন্য চাঁদপুরকে ২০১৭ সালে সরকারিভাবে ‘ইলিশের বাড়ি’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী ও আড়তদার নিজেদের মতো করে দাম হাঁকাচ্ছেন, যা সাধারণ ভোক্তার নাগালের বাইরে চলে যাচ্ছে।

তিনি বলেন, “ইলিশ ধরা, সংরক্ষণ কিংবা বাজারজাতকরণে জেলেদের সেভাবে উৎপাদন খরচ নেই। তবু বাজারে ইলিশের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে মূলত সিন্ডিকেটের কারণে।”

চাঁদপুর জেলা প্রশাসনের পাঠানো চিঠিতে জাতীয় পর্যায়ে ইলিশের ওজনভিত্তিক সুনির্দিষ্ট দাম নির্ধারণের অনুরোধ জানানো হয়। তার মতে,কেজিপ্রতি দাম ঠিক করে দিলে অসাধু ব্যবসায়ী বা স্থানীয় সিন্ডিকেটগুলোর নিয়ন্ত্রণ দুর্বল হবে।

বর্তমান বাজারদর (চাঁদপুর):

  • ৫৫০ গ্রাম ওজনের ইলিশ: ১,৪৫০ টাকা

  • ১ কেজি ওজনের ইলিশ: ২,২০০ টাকা

  • ১.৩ কেজি ইলিশ: ২,৬০০ টাকা

চাঁদপুরের ডিসি বলেন, “আমি একটা উদ্যোগ নিয়েছি, এখন দেখি কতটা সাড়া পাই। যদি কেন্দ্রীয়ভাবে দাম নির্ধারণ করা যায়, তবে ভোক্তাও উপকৃত হবে, জেলেরাও ন্যায্য দাম পাবে।”

মতামত দিন