এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আন্দোলনকারীরা প্রথমে ভবনের বাইরে অবস্থান নেন। এরপর মূল ফটক পার হয়ে ভেতরে প্রবেশ করে গেট বন্ধ করে দেন। এতে নামাজ পড়তে আসা মুসল্লিরা বাধার মুখে পড়লে পুলিশের সহায়তায় শিক্ষার্থীদের গেটের বাইরে সরিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর তারা আবার বোর্ড চত্বরে ফিরে আসেন।
শিক্ষার্থীদের প্রতিনিধিরা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসেন। আলোচনায় জানানো হয়, আগামী ১৯ জুন আন্তঃশিক্ষা বোর্ডের বৈঠকে পরীক্ষা পেছানো নিয়ে সিদ্ধান্ত হতে পারে।তখন পর্যন্ত শিক্ষার্থীদের অপেক্ষা করার আহ্বান জানানো হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, দেশে আবার করোনার সংক্রমণ বাড়ছে। এরকম পরিস্থিতিতে পরীক্ষা নিলে বহু শিক্ষার্থী স্বাস্থ্যঝুঁকিতে পড়বে। তারা অন্তত দুই মাস সময় চেয়ে দাবি জানায়, যাতে প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাওয়া যায়।
শিক্ষার্থীরা জানায়, এ আন্দোলন শুধু রাজশাহীতে সীমাবদ্ধ নয়। দেশের বিভিন্ন জেলায় একই দাবিতে শিক্ষার্থীরা পথে নেমেছেন। প্রয়োজন হলে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গেও আলোচনায় যাবে তারা।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। বিক্ষোভকারীরা দুপুর আড়াইটার দিকে শান্তিপূর্ণভাবে সরে যান।
উল্লেখ্য, আগামী ২৬ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরুর কথা রয়েছে।

মতামত দিন