বরিশাল বিভাগে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়াল আড়াই হাজার।
এই মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরে বরিশাল বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ জনে।একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে এ বছর বিভাগের ছয় জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৮৪ জনে।
শেবাচিম হাসপাতালের উপ-পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান শাহীন জানান, তাদের হাসপাতালে বর্তমানে ৮৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন আরও ১৪ জন।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালকের কার্যালয় জানিয়েছে, বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৮৮। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ও মৃত্যুর ঘটনা ঘটেছে বরগুনা জেলায়। সেখানে এ পর্যন্ত ১ হাজার ৬৮০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন এবং মৃতদের মধ্যে পাঁচজনই এ জেলার বাসিন্দা। বর্তমানে বরগুনার বিভিন্ন হাসপাতালে ২৪১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, “বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। ডেঙ্গু মোকাবেলায় চিকিৎসার পাশাপাশি সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলা জরুরি। বাড়ির চারপাশে জমে থাকা পানি পরিষ্কার এবং মশার বিস্তার রোধে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ এখন সবচেয়ে বেশি প্রয়োজন।”
মতামত দিন