জাতীয়
ছবি: সংগৃহীত

ফিরতি ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ভয়াবহ যানজট।

নিজস্ব প্রতিবেদক:

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের ঢল ও যানবাহনের অতিরিক্ত চাপের কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।যমুনা সেতুর টোল প্লাজা থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলি পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটারজুড়ে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়।

রাতভর যানজটে আটকে থাকা যাত্রীরা বলছেন, স্বাভাবিক সময়ে যে পথ পাড়ি দিতে এক ঘণ্টা লাগে, সেখানে সময় লাগছে তিন থেকে চার ঘণ্টা। প্রচণ্ড গরম ও গাড়িতে দীর্ঘক্ষণ আটকে থাকার কারণে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা পড়েছেন সবচেয়ে বেশি কষ্টে।

মহাসড়কে চলাচলকারী যাত্রীদের অভিযোগ, ঈদের মৌসুমে গণপরিবহনের সংকট থাকায় অনেকেই বাধ্য হয়ে খোলা ট্রাক ও পিকআপে জীবনের ঝুঁকি নিয়ে রওনা হয়েছেন। এসব যানবাহনে নেওয়া হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া, তাও আবার গন্তব্যে পৌঁছাতে লাগছে দীর্ঘ সময়।

এদিকে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ জানান, কিছু গাড়ির চালক বেপরোয়া গতিতে চলাচল করায় যানজট তৈরি হয়েছে। এছাড়া সড়কে দুর্ঘটনা ও কিছু যানবাহন বিকলের ঘটনাও যানজট বাড়িয়ে দেয়। পরিস্থিতি সামাল দিতে হাইওয়ে পুলিশ কাজ করছে এবং খুব শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

সাধারণ মানুষ বলছেন, ঈদের আনন্দের পরে এমন দুর্ভোগ একেবারেই অনাকাঙ্ক্ষিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সময়মতো কার্যকর পদক্ষেপ না থাকায় প্রতিবছরই ঈদযাত্রায় এই দুর্ভোগ পোহাতে হয় তাদের।

মতামত দিন