জাতীয়
ছবি: সংগৃহীত

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, চন্দ্রায় মহাসড়কে বাড়ছে যাত্রীর চাপ।

নিজস্ব প্রতিবেদক:

ঈদুল আজহার টানা ছুটি শেষে কর্মজীবীরা আবারও কর্মস্থলের পথে। শুক্রবার (১৩ জুন) সকাল থেকেই গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দেখা যায় রাজধানীমুখী যাত্রীদের ভিড়।

সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা এবারের ঈদে পেয়েছেন টানা ১০ দিনের ছুটি। আগামী রোববার (১৫ জুন) থেকে অফিস-আদালত খুলছে। তার আগেই ফিরতে শুরু করেছেন অধিকাংশ কর্মজীবী। ফলে মহাসড়কে ক্রমেই বাড়ছে যানবাহনের চাপ।

অনেকে অভিযোগ করেছেন, যাত্রীচাপে পরিবহন সংকট তৈরি হয়েছে, আর তার সুযোগ নিচ্ছে কিছু চালক—দেয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। ফলে অনেকেই ট্রাক, পিকআপ ভ্যান কিংবা মোটরসাইকেলেই ফিরছেন কর্মস্থলে।

স্থানীয়রা জানিয়েছেন, গাজীপুরের অনেক পোশাক কারখানা ও শিল্পপ্রতিষ্ঠান শনিবার থেকেই চালু হচ্ছে। সে কারণেই চন্দ্রা ত্রিমোড় এলাকায় শুক্রবার সকাল থেকেই যাত্রীদের চাপ দেখা গেছে।

তবে যাত্রীসেবা নিশ্চিতে প্রশাসনের উপস্থিতি ছিল কম। যাত্রীদের অভিযোগ, হাইওয়েতে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ বা নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাব ছিল। এতে কোথাও কোথাও তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি।

এ বিষয়ে নাওজোড় হাইওয়ে থানার ওসি সওগা তুল আলম বলেন, “রোববার থেকে অফিস খোলার কারণে শুক্রবার ও শনিবার যাত্রীচাপ বাড়বে। পরিস্থিতি সামাল দিতে আমরা অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করেছি।”

মতামত দিন