জাতীয়
ছবি: সংগৃহীত

কালভার্ট আছে, সংযোগ সড়ক নেই—ইউসুফপুরের মানুষ চলেন হাঁটু কাদা পেরিয়ে।

নিজস্ব প্রতিবেদক:

পটুয়াখালীর মহিপুর উপজেলার ইউসুফপুর গ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে একটি কালভার্ট। কিন্তু নির্মাণ শেষে পেরিয়ে গেছে একাধিক মাস, আজও হয়নি সংযোগ সড়কের কাজ।
ফলে এলাকার শত শত মানুষকে প্রতিদিন কাদা, পানি ও বাঁধ পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, কালভার্টের দুই পাশেই রয়েছে গভীর খাদ।পাকা সংযোগ সড়ক না থাকায় এলাকাবাসী মাটির বাঁধ ব্যবহার করছেন, যা বর্ষাকালে হয়ে ওঠে অত্যন্ত বিপজ্জনক। বাঁধে হাঁটুসমান কাদা জমে থাকায় নারী, শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীদের চলাফেরা হয়ে পড়েছে দুঃসাধ্য।

স্থানীয় বৃদ্ধ আব্দুল মজিদ বলেন, “এই বয়সে এমন কষ্ট আর ভয় নিয়ে চলতে হয় ভাবতে পারিনি। কাদায় পড়ে গেছি কতবার, তবু উপায় নেই।”

মাদরাসাছাত্রী তুলি আক্তার জানায়,“প্রতিদিন মাদরাসায় যেতে ভয় লাগে।অনেক সময় ভিজে জামা-কাপড় নিয়েই যেতে হয়। কখনো যেতেই পারি না।”

আরেক পথচারী সোনিয়া বলেন, “বাচ্চা কোলে নিয়ে চলতে খুব ভয় হয়।এইভাবে আর কতদিন চলতে হবে, জানি না।”

সংযোগ সড়ক না থাকায় বেশি বিপদে পড়ছেন জরুরি চিকিৎসাসেবায় আসা মানুষজন। স্থানীয়রা জানান, গর্ভবতী নারীদের হাসপাতালে নিতে অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা লাগে। এতে বড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়।

স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।জামায়াত নেতা তোফাজ্জেল হোসাইন সিপাহী বলেন, “এটা শুধুই অবহেলা নয়, জনগণের সঙ্গে সরাসরি অন্যায়। প্রকল্পের মূল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে। দ্রুত সংযোগ সড়ক নির্মাণ না হলে জনরোষ দেখা দেবে।”

এ বিষয়ে কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকসেদুল আলম বলেন, “সংযোগ সড়কের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। খুব শিগগিরই নির্মাণকাজ শুরু হবে।”

তবে এলাকাবাসীর প্রশ্ন—‘এই “শিগগিরই” শব্দটা কবে বাস্তবে রূপ নেবে?

মতামত দিন