জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকায় নতুন করে ১০ জনের করোনা শনাক্ত।

নিজস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় নতুন করে আরও ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১১ জুন) প্রকাশিত অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, গত এক দিনে মোট ১০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়, ফলে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৫ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, সব নতুন আক্রান্তই ঢাকা মহানগরের বাসিন্দা। এই নিয়ে দেশে মোট পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ৪৮৬টি।

এদিকে, একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ জন। ফলে দেশে মোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৯  হাজার ৩৮০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু না হওয়ায় দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫০০ জনেই অপরিবর্তিত রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, করোনার সংক্রমণের হার তুলনামূলকভাবে কম থাকলেও জনসচেতনতা ও সুরক্ষাব্যবস্থা বজায় রাখা জরুরি, বিশেষ করে যাদের আগেই শারীরিক জটিলতা রয়েছে।

মতামত দিন