ব্রাহ্মণবাড়িয়ায় টিস্যু না দেওয়ায় সংঘর্ষ, সরাইলে আহত অন্তত ১৫।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (৯ জুন) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত পাঠানপাড়া এলাকায় এই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে সরাইলের পাঠানপাড়ায় শিশুদের বিনোদনের জন্য বসানো হয়েছে একাধিক অস্থায়ী রাইড ও খাবারের দোকান। এসবের মধ্যে ‘এরাবিয়ান ফুচকা হাউজ’ নামের একটি দোকানে ফুচকা খান কোট্টাপাড়া এলাকার এক যুবক, রাব্বী। ফুচকা খাওয়ার পর তিনি হাত মোছার জন্য টিস্যু চাইলেও দোকানমালিক মজিবুর পাঠান জানান, টিস্যু নেই। এই কথাকাটাকাটি একপর্যায়ে হাতাহাতিতে গড়ায়।
খবর দ্রুতই রাব্বীর এলাকা কোট্টাপাড়া এবং মজিবুরের এলাকা পাঠানপাড়ায় ছড়িয়ে পড়ে।এরপর রাত ৮টার দিকে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের কারণে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কে যান চলাচল দুই ঘণ্টার জন্য সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, “সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে কতজন আহত হয়েছেন তা নির্দিষ্ট করে বলা সম্ভব হয়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মতামত দিন